দূতাবাস চালু ও রাষ্ট্রদূত নিয়োগে সম্মত ইসরায়েল ও মরক্কো

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
দূতাবাস চালু ও রাষ্ট্রদূত নিয়োগে সম্মত ইসরায়েল ও মরক্কো

অনলাইন ডেস্ক: ইসরায়েল ও মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীরা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। এই উদ্যোগের অংশ হিসেবে উভয় দেশে পূর্ণাঙ্গ দূতাবাস চালু এবং দ্রুত রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ইসরায়েল সরকারের অফিশিয়াল আরবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একটি গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার, মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ।

বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়। এর মধ্যে রয়েছে বর্তমান কূটনৈতিক মিশনগুলোকে পূর্ণাঙ্গ দূতাবাসে রূপান্তর করা, রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বৃদ্ধি করা। এ ছাড়া বাণিজ্য ও অর্থনৈতিক বিনিয়োগ সহজ করতে প্রয়োজনীয় চুক্তি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এর অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে যে চারটি আরব দেশ যুক্ত হয়েছিল, মরক্কো তার অন্যতম। বাকি তিনটি দেশ হলো সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান। এর আগে মিসর ও জর্ডান ইসরায়েলের সঙ্গে পৃথক শান্তিচুক্তি স্বাক্ষর করেছিল।

মন্তব্য করুন