স্থানীয় সরকার ও ঠাকুরগাঁও-১ নির্বাচন নিয়ে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক দুপুরে

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
স্থানীয় সরকার ও ঠাকুরগাঁও-১ নির্বাচন নিয়ে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক দুপুরে

অনলাইন ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে একাধিক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি বিভাগের সঙ্গে সমন্বয় বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ইসি কর্মকর্তারা।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে দুপুর ২টা ৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে ইসি উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট সব দপ্তরকে এ তথ্য জানানো হয়েছে।

ইসির পাঠানো চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর (বা ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর উপযুক্ত প্রতিনিধি), জনপ্রশাসন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ, আইন, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার এবং শিক্ষা খাতসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এছাড়া মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), সশস্ত্র বাহিনী বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি এবং ডিজিএফআই, এনএসআই ও এনটিএমসির প্রধানদেরও এই নিরাপত্তা ও সমন্বয় বৈঠকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে সারা দেশে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া সম্প্রতি শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর।

মন্তব্য করুন