বিস্ময় বালক মুসাইব মাত্র ৭৩ দিনেই কোরআনের হাফেজ
সাঈদ পান্থ, বরিশাল: মেধা, অদম্য অধ্যবসায় আর আল্লাহর বিশেষ রহমতে মাত্র ৭৩ দিনে (২ মাস ১৩ দিন) পুরো ৩ ৩০ পারা কোরআন মুখস্ত করে কোরআনের হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে ১৩ বছরের শিশু মুসাইব হোসাইন। বিস্ময়কর এই সাফল্য অর্জনে শিশু মুসাইবকে এক বিশেষ সংবর্ধনা দিয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠান।
হাফেজ মুসাইব হোসাইন বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মিজানুর রহমান বেপারীর ছেলে এবং গৌরনদী উপজেলা গেট সংলগ্ন উবাই ইবনে কাব (রা.) হিফজুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নকালেই নিজের মেধার স্বাক্ষর রাখে মুসাইব। ৫ম শ্রেণীতে পড়াকালে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধা তালিকায় স্থান করে নেয় সে। পরবর্তীতে পরিবারের ইচ্ছায় তাকে হিফজুল কোরআন মাদ্রাসায় ভর্তি করা হয়। সেখানে এসে শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও নিজস্ব কঠোর পরিশ্রমে মাত্র ৭৩ দিনেই পুরো কোরআন মুখস্ত করে সবাইকে তাক লাগিয়ে দেয় এই শিশু।
হাফেজ মুসাইবের বাবা মিজানুর রহমান বেপারী আবেগপ্লুত হয়ে বলেন, "আল্লাহ তাআলা মাত্র আড়াই মাসেরও কম সময়ে আমার ছেলেকে হাফেজ হিসেবে কবুল করেছেন। বাবা হিসেবে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমার ছেলে যেন ভবিষ্যতে বড় আলেম হয়ে দ্বীনের সেবা করতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চাই।"
মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী একরামুল হক বলেন, "অন্যান্য ছাত্ররা যখন বিকেলে খেলাধুলা করত কিংবা রাতে ঘুমাত, মুসাইব তখন নিরিবিলি এক কোণে বসে কোরআন তেলাওয়াত ও মুখস্ত করত। এমনও দিন গেছে সে একদিনেই পুরো এক পারা মুখস্ত করে ফেলেছে। এটি আল্লাহর বিশেষ রহমত ও ওর নিজস্ব চেষ্টার ফসল।"
নিজের অনুভূতি প্রকাশ করে বিস্ময় বালক মুসাইব জানায়, "সবার দোয়ায় আমি এত কম সময়ে হাফেজ হতে পেরেছি। আমি বড় হয়ে একজন বড় আলেম হতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।"
এআইএল/সকালবেলা
|