শরণখোলায় শিশুশ্রমবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ণ
শরণখোলায় শিশুশ্রমবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশুদের অংশগ্রহণে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শরণখোলা এপির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার সাউথখালী ইউনিয়নের শিশু ফোরামের ২০ জন শিশুশিল্পী অংশ নেয়।

প্রতিযোগিতায় শিশুরা তাদের তুলির আঁচড়ে শিশুশ্রমের নির্মম বাস্তবতার পাশাপাশি এর ক্ষতিকর প্রভাব দূরীকরণে করণীয় বিষয়গুলো ফুটিয়ে তোলে।

আয়োজক সংস্থা জানায়, শিশুদের সুপ্ত মেধার বিকাশ ঘটানোর পাশাপাশি সামাজিক নানা কুফল সম্পর্কে সচেতন করা এবং একটি শিশুসংবেদনশীল সমাজ গঠনে তাদের প্রস্তুত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মানিক চাঁদ রায়, ওয়ার্ল্ড ভিশন শরণখোলা এপি’র প্রোগ্রাম অফিসার মানিক হালদার, শিক্ষক আল মামুনসহ শিশু ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এবং শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন