মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের প্রতিবাদ

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ণ
মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের প্রতিবাদ

আবু রায়হান, রংপুর ব্যুরো: ভোটাধিকার, রাজনৈতিক মর্যাদা ও উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১২ আগস্ট) দুপুরে জামায়াতে ইসলামী রংপুর মহানগরের উদ্যোগে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব ও গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ দলের শীর্ষ নেতারা।

সমাবেশে এটিএম আজম খান বলেন, "মন্ত্রীর বক্তব্যে এমন ধারণা পাওয়া গেছে যে, রংপুরের মানুষ বিএনপির পরিবর্তে জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ায় এ অঞ্চল কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। এ ধরনের বক্তব্য রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতা, স্বাধীন মতপ্রকাশ ও সাংবিধানিক অধিকারকে খাটো করে।"

তিনি আরও উল্লেখ করেন, জনগণ কোন দলকে ভোট দেবে সেটি তাদের গণতান্ত্রিক অধিকার। উন্নয়নের সঙ্গে রাজনৈতিক পছন্দকে যুক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি রংপুরের দীর্ঘদিনের বৈষম্য দূর করতে তিস্তা মহাপরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশ থেকে স্থানীয় সরকারমন্ত্রীর বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়। বিক্ষোভ কর্মসূচিতে জেলা ও মহানগর জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন