কুষ্টিয়া জিলা স্কুলের সিমন যশোর বোর্ডে প্রথম
কাঞ্চন কুমার, কুষ্টিয়া: সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ১২২২ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে কুষ্টিয়া জিলা স্কুলের মেধাবী শিক্ষার্থী সামিউল হক সিমন।
একই বিদ্যালয়ের শিক্ষার্থী আহাদ হোসেন প্রিন্স ও যুখরুফ হাসনাইন ১২২০ নম্বর পেয়ে যৌথভাবে বোর্ডে তৃতীয় স্থান অর্জন করেছে। অন্যদিকে ১২২১ নম্বর পেয়ে বোর্ডের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী।
সিমনের বাবা জিল বাংলা সুগার মিলের জেনারেল ম্যানেজার (প্রশাসন) রকিবুল হক ও কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক মুন্সী কামরুজ্জামান নিশ্চিত করেছেন যে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাপ্ত নম্বরপত্র পর্যালোচনায় সিমনের অর্জিত নম্বরটিই বোর্ডের মধ্যে সর্বোচ্চ।
বিজ্ঞানী হয়ে দেশ গড়ার স্বপ্ন দেখা সিমন জানায়, নিয়মাবর্তিতা ও সময়ের সঠিক ব্যবহারের ফলেই এই সাফল্য এসেছে। পড়াশোনার পাশাপাশি সিমন জাতীয় গণিত অলিম্পিয়াডেও পদক জয় করেছে। ভবিষ্যতে সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে উচ্চতর ডিগ্রি নিতে আগ্রহী।
সিমনের মা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা শামীমা আহমেদ সন্তানের অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন।
এআইএল/সকালবেলা
|