সেতু ভেঙে নদীতে নেতাকর্মীরা, রক্ষা পেলেন জামায়াত এমপি

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ
সেতু ভেঙে নদীতে নেতাকর্মীরা, রক্ষা পেলেন জামায়াত এমপি

মো. মাইনুল হক, নীলফামারী: নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ কাঠের সেতু পরিদর্শনে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার ও রাজনৈতিক নেতা-কর্মীরা। পার হওয়ার সময় হঠাৎ সেতুটির একাংশ ভেঙে কয়েকজন নেতাকর্মী নদীতে পড়ে যান। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন স্থানীয় সংসদ সদস্য।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে ডিমলা উপজেলার ৩ নম্বর ডিমলা ইউনিয়নের নটাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নটাবাড়ী গ্রামের সঙ্গে নাউতারা ইউনিয়নকে সংযোগকারী কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। বুড়ি তিস্তা নদীর ওপর নির্মিত এই জরাজীর্ণ কাঠের সাঁকোটির বর্তমান অবস্থা স্বচক্ষে দেখতে এবং নতুন ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শনের উদ্দেশ্যে যান সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। এ সময় উপজেলা আমীরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও গ্রামবাসী তাঁর সঙ্গে ছিলেন।

পরিদর্শনের একপর্যায়ে অতিরিক্ত মানুষের চাপে সেতুটির একটি অংশ হঠাৎ মচকে ভেঙে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে কয়েকজন নেতা-কর্মী ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। তবে স্থানীয় ও সফরসঙ্গীদের দ্রুত তৎপরতায় সংসদ সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। দুর্ঘটনায় কয়েকজন সামান্য আঘাত পেলেও গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংসদ সদস্য পরবর্তীতে বুড়ি তিস্তা নদীর ওপর এই সংযোগ সেতুটি দ্রুত স্থায়ীভাবে পুনর্নির্মাণের আশ্বাস ব্যক্ত করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন