এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানালেন খালেদ সাইফুল্লাহ সোহেল
‘সত্য, সরাসরি, সবার আগে’—এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সফলভাবে পথচলার ১ বছর পূর্ণ করল উদীয়মান সংবাদমাধ্যম এনপিবি নিউজ।
প্রতিষ্ঠানটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীর ঐতিহ্যবাহী অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে এক আনন্দঘন ও বর্ণাঢ্য বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনপিবি নিউজের সার্বিক সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং জাতীয় দৈনিক ‘সকালবেলা’র সম্মানিত সম্পাদক ও প্রকাশক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিশিষ্ট সাংবাদিক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এনপিবি নিউজের সম্পাদক ও প্রকাশক মো: আল হাদী-কে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনপিবি নিউজের হেড অব ডিজিটাল মো: আকরামসহ সংবাদমাধ্যমটির বিভিন্ন স্তরের কলাকুশলীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ও দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যমের যুগে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পাঠকের দোরগোড়ায় পৌঁছে দিতে এনপিবি নিউজ বিগত এক বছরে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। আগামী দিনেও সত্যের পক্ষে এবং জনস্বার্থে এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
পরে কেক কেটে এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটিকে উদ্যাপন করা হয়।