দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে ধস

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ণ
দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে ধস

মো. তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: টানা সাত বছর ধরে ধারাবাহিক পতনের পর চলতি বছর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে চরম ধস নেমেছে। এক বছরের ব্যবধানে এই বোর্ডে পাসের হার ৮.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৮.০৫ শতাংশে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বনিম্ন। পাসের হারের পাশাপাশি কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা এবং বেড়েছে শূন্য পাসের বিদ্যালয়ের সংখ্যা।

সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর দিনাজপুর বোর্ডে পাসের হার ছিল ৬৭.০৩ শতাংশ, যা চলতি বছর কমে ৫৮.০৫ শতাংশে নেমে এসেছে।

বোর্ডের অধীনে থাকা রংপুর বিভাগের আটটি জেলা থেকে এ বছর ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন ছাত্র-ছাত্রী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৭ হাজার ১৫২ জন ছাত্রী এবং ৬ হাজার ৪৮৭ জন ছাত্র রয়েছে।

এ বছর বোর্ডের আওতাধীন ২৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করলেও ১৮টি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন