এসএসসিতে বরিশাল বোর্ডে পাঁচ স্কুলে পাসের হার শূন্য

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ণ
এসএসসিতে বরিশাল বোর্ডে পাঁচ স্কুলে পাসের হার শূন্য

সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১৫টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অপরদিকে বোর্ডের অধীন পাঁচটি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) সকালে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বোর্ডের আওতাধীন ১ হাজার ৫১৫টি বিদ্যালয়ের মধ্যে ১৫টি বিদ্যালয়ের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ সাতটি, পিরোজপুরে তিনটি, বরগুনা ও ভোলায় দুটি করে এবং ঝালকাঠিতে একটি বিদ্যালয় রয়েছে। গত বছর শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ছিল ১৭টি।

পরিসংখ্যান অনুযায়ী, বোর্ডের ৯৩৯টি বিদ্যালয়ে পাসের হার ৫০ থেকে ৯৯ শতাংশের মধ্যে। অন্যদিকে ৫৫৬টি বিদ্যালয়ে পাসের হার ৫০ শতাংশের নিচে।

এছাড়া বোর্ডের অধীন তিন জেলার পাঁচটি বিদ্যালয় থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বরিশালের দুটি, ঝালকাঠির দুটি ও পিরোজপুরের একটি বিদ্যালয় রয়েছে।

অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঝালকাঠি সদরের সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ জন, কাঠালিয়া উপজেলার বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ জন, পিরোজপুর সদরের পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ জন, বরিশালের বাকেরগঞ্জের কেরামত গায়জাউদ্দীন নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন এবং মেহেন্দিগঞ্জের পশ্চিম রতনপুর পঙ্কজ দেবনাথ উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন