শিশুশিক্ষার্থী ধর্ষণ মামলায় কোচিং শিক্ষক গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ণ
শিশুশিক্ষার্থী ধর্ষণ মামলায় কোচিং শিক্ষক গ্রেফতার

আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুরের পীরগাছায় চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৯) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ও কোচিং শিক্ষক দেলোয়ার হোসেন সাগরকে (৩৩) গ্রেফতার করেছে র‍্যাব। 

বুধবার (৬ মে) রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পীরগাছার একটি কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক দেলোয়ার হোসেন গত রমজান মাসে তাঁর স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ওই শিশুকে প্রথমবার ধর্ষণ করেন। এ সময় গলায় ছুরি ধরে শিশুটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। সর্বশেষ গত ১৯ এপ্রিল পুনরায় ধর্ষণের চেষ্টা করা হলে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং অভিযুক্ত দেলোয়ার পালিয়ে যান।

এই ঘটনায় গত ২২ এপ্রিল ভিকটিমের মা বাদী হয়ে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ ও র‍্যাব-১-এর যৌথ অভিযানে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন