জাপানের আইটিইই পরীক্ষায় খুবি শিক্ষার্থীর প্রথম স্থান অর্জন
খুবি প্রতিনিধি: জাপানের মর্যাদাপূর্ণ তথ্যপ্রযুক্তি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা ‘আইটিইই’-তে প্রথম মেধাস্থান অর্জন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুকেশ কুমার মণ্ডল। বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বাংলাদেশ-আইটিইসি) আয়োজিত এই আন্তর্জাতিক মানের পরীক্ষার ফলাফলে তিনি যৌথভাবে দেশসেরা (প্রথম) স্থান অর্জন করেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে দেশব্যাপী পরিচালিত এ পরীক্ষায় দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে মুকেশের এই অভাবনীয় সাফল্য বিশ্ববিদ্যালয় অঙ্গনে বিশেষভাবে প্রশংসিত ও সমাদৃত হয়েছে।
বিরল এই সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অনুভূতিপ্রবণ মুকেশ কুমার মণ্ডল বলেন, “আমি ভীষণভাবে অভিভূত, গর্বিত এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। তিন বছরেরও বেশি সময়ের কঠোর পরিশ্রম, নিরন্তর অনুশীলন, চরম ধৈর্য ও অধ্যবসায়ের ফল আজ হাতে পেয়ে মনে হচ্ছে আমার সব ত্যাগ সার্থক হয়েছে। পথটা মোটেও সহজ ছিল না, কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরও শক্ত করে গড়ে তুলেছে। এই অর্জন আমাকে আবারও বিশ্বাস করিয়েছে যে আন্তরিক চেষ্টা ও পরিশ্রমের ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়।” তিনি আরও জানান, এই আন্তর্জাতিক স্বীকৃতি ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি খাতে আরও বড় বৈশ্বিক লক্ষ্য অর্জনে তাঁর জন্য এক দারুণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, আইটিইই (Information Technology Engineers Examination) মূলত জাপানের একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ও বহুল সমাদৃত তথ্যপ্রযুক্তি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা, যা এশিয়ার বিভিন্ন প্রগতিশীল দেশে একযোগে পরিচালিত হয়। বাংলাদেশে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতাধীন বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটিইসি) নিয়মিতভাবে এই আন্তর্জাতিক পরীক্ষার আয়োজন ও তদারকি করে থাকে, যা বাংলাদেশি আইটি পেশাদার ও শিক্ষার্থীদের বৈশ্বিক বাজারে দক্ষতার প্রমাণ দিতে সহায়তা করে।
এআইএল/সকালবেলা
|