সিরাজগঞ্জে টিনের ছাপড়ার নিচে চলছে স্কুলের ক্লাস

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে টিনের ছাপড়ার নিচে চলছে স্কুলের ক্লাস

মোঃ আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: পাকা ভবনের আশায় পুরোনো স্কুলঘর নিলামে বিক্রি করে দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে চরম বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের লোচনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা। বর্তমানে কোনো নিজস্ব অবকাঠামো না থাকায় পাশের কবরস্থান থেকে একটি জরাজীর্ণ টিনের ছাপড়া ঘর এনে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে চলছে শতাধিক শিক্ষার্থীর পাঠদান।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৪১ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টিতে বর্তমানে শতাধিক শিক্ষার্থী থাকলেও উপযুক্ত শ্রেণিকক্ষ না থাকায় উপস্থিতি মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে। গত ২০২৪ সালে বিদ্যালয়টির জন্য এক কোটি ১২ লাখ টাকা বরাদ্দে দ্বিতল ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুস সোবাহান ডাবলু কাজটি পেলেও দুর্গম যমুনা তীরবর্তী এলাকা হওয়ায় মালামাল পরিবহন খরচ বেশি হওয়ার অজুহাতে কাজ শুরুই করেনি। পরবর্তীতে উপজেলা প্রকৌশল অধিদপ্তর ছয় মাস পর টেন্ডার বাতিল করলে বরাদ্দকৃত পুরো টাকা ফেরত চলে যায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, গত দুই বছর ধরে ভবন নির্মাণের আশ্বাস দেওয়া হলেও কোনো অগ্রগতি নেই। কবরস্থানের টিনের ছাপড়ায় বেড়া না থাকায় তাপদাহে শিক্ষার্থীরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ে, আর ঝড়-বৃষ্টি এলে ক্লাস সম্পূর্ণ বন্ধ রাখতে হয়। ফলে ক্ষুব্ধ অভিভাবকেরা ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে অনীহা প্রকাশ করছেন।

উপজেলা এলজিইডি প্রকৌশলী রাহাত ইসলাম জানান, যমুনা তীরবর্তী এলাকা হওয়ায় এখানে বহুতল ভবনের পরিবর্তে নতুন ‘চরডিজাইন’ (স্টিলের ফ্রেম) অনুযায়ী সেমিপাকা ভবন নির্মাণের নতুন পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুরাদ হোসেন জানান, দ্রুত নতুন বরাদ্দের ব্যবস্থা করে শ্রেণিকক্ষ নির্মাণের চেষ্টা চালানো হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন