সালিশে গলায় রড ঢুকিয়ে যুবক হত্যা: একজনের যাবজ্জীবন

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ
সালিশে গলায় রড ঢুকিয়ে যুবক হত্যা: একজনের যাবজ্জীবন

মো: ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সালিশি বৈঠকে সাইদুল ইসলাম শাহিন নামে এক যুবককে গলায় লোহার রড ঢুকিয়ে হত্যার আলোচিত মামলায় ১২ বছর পর রায় দিয়েছেন আদালত। মামলায় মো. সাইফুল ইসলাম ওরফে রুবেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং নূর উদ্দিন ওরফে মো. শমীরকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী বিশেষ জজ আদালতের জেলা ও দায়রা জজ মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার ছয় আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম ওরফে রুবেল কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের সিরাজ আলমের ছেলে এবং পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত নূর উদ্দিন একই এলাকার নূর নবীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ আগস্ট কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে সীমানার করই গাছ কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য সালিশি বৈঠক বসে। বৈঠক চলাকালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সাইদুল ইসলাম শাহিনের ওপর হামলা চালান। একপর্যায়ে তার গলায় লোহার রড ঢুকিয়ে দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি তাপসকর হোসেন মো. খায়রুল ওয়ালা জানান, সাজাপ্রাপ্ত দুই আসামিকে সাজা পরোয়ানামূলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন