এলাকাবাসী ফজরের নামাজ পড়তে এসে দেখেন মসজিদ নেই
মুন্সীগঞ্জ প্রতিনিধি: এশার নামাজের পর অক্ষত থাকলেও ফজরের আগেই পদ্মা নদীর তীব্র স্রোত ও ভাঙনে বিলীন হয়ে গেছে একটি সুদৃশ্য জামে মসজিদ। মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখিরকান্দি এলাকার আবু হানিফা জামে মসজিদটি রাতের আঁধারেই নদীগর্ভে তলিয়ে যায়।
জানা যায়, শুক্রবার রাতে মসজিদসংলগ্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অবস্থানকালে বিকট শব্দে নদীভাঙন শুরু হয়। তড়িঘড়ি করে তারা কিছু মালামাল ও সিলিং ফ্যান সরিয়ে নিতে সক্ষম হলেও মুহূর্তের মধ্যে পুরো ভবনটি পদ্মার পেটে চলে যায়।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পদ্মার পানিপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সদর উপজেলার দেওয়ানকান্দি, রাখিরকান্দি ও পূর্বরাখিরকান্দিসহ আশপাশের এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।
সোমবার সরেজমিনে দেখা যায়, পদ্মার তীরে ভাঙন তীব্র রূপ নিয়েছে। ভাঙন প্রতিরোধে আগে ফেলা বালুর বস্তার একাংশ স্রোতে ভেসে গেছে। পরিস্থিতি সামাল দিতে পাউবো নতুন করে জিও ব্যাগ ফেলছে। ক্ষয়ক্ষতি ও সার্বিক পরিস্থিতি দেখতে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশ্রাফী, সংরক্ষিত সংসদ সদস্য মমতাজ আলো এবং ইউএনও মো. গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মুন্সীগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক জানান, স্রোতের তীব্রতার কারণে নদীভাঙন বেড়েছে। আপাতত জিও ব্যাগ ফেলে জরুরি ভিত্তিতে নদীভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।
এআইএল/সকালবেলা