পাঁচবিবিতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসাসেবা পেল হাজারো মানুষ

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
পাঁচবিবিতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসাসেবা পেল হাজারো মানুষ

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে জয়পুরহাট ২০ বিজিবি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, সহকারী পরিচালক মো. হুমায়ুন করিমসহ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে কয়া সীমান্ত এলাকার সহস্রাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি শিশু, নারী ও প্রবীণ রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান জানান, সীমান্ত রক্ষার মূল দায়িত্বের পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর কল্যাণে বিজিবি সর্বদা সোচ্চার। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন