কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং জুনিয়র বৃত্তি লাভ করা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদা ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম খান এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, "ভালো ফলাফল অর্জনকারীদের অভিনন্দনের পাশাপাশি যারা প্রত্যাশিত ফল করতে পারেনি, তাদেরও হতাশ না হয়ে অধ্যবসায়ী হতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকা রাখতে হবে।"
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি নীতি-নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান।
আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার পর শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এআইএল/সকালবেলা