অনলাইন ও অফলাইন সমন্বিত শিক্ষা পদ্ধতি চালুর ভাবনা সরকারের

প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন সমন্বিত শিক্ষা পদ্ধতি চালুর ভাবনা সরকারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইন সমন্বিত (ব্লেন্ডেড) পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন এবং অন্যান্য কারণে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে। এ ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচদিনের পরিবর্তে ছয়দিন ক্লাস চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে অনলাইন শিক্ষাকে আরও গুরুত্ব দিয়ে কিছু ক্লাস ভার্চুয়ালি নেওয়ার পরিকল্পনাও রয়েছে। তিনি জানান, একটি জরিপে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে সম্পূর্ণ অনলাইন শিক্ষা চালু করা হলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে- এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।

মন্ত্রীর ভাষ্যমতে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ চলছে এবং আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ পদ্ধতি চালুর বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হলেও কলেজ পর্যায়েও তা প্রযোজ্য হতে পারে কিনা, সে বিষয়ে আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থাপনা থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। বিশেষ করে মহানগরীগুলোতে ট্রাফিক জট, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থা হিসেবে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস, বৈদ্যুতিক বাস, মেট্রো ও সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন