বিজেপিকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি রাহুল গান্ধীর
বিশেষ প্রতিনিধি: ভারতের লোকসভায় প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধী ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে সরাসরি ‘ভোট চুরি’র মারাত্মক অভিযোগ এনে দলটিকে পুরোপুরি নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিয়েছেন। দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "আমরা কেবল বিজেপির মোকাবিলা করছি না, আমরা ওদের রাজনৈতিকভাবে ধ্বংস করে দেব।"
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে দিল্লির নির্বাচন সদনের কাছে বিরোধী ইন্ডিয়া জোটের বিশাল বিক্ষোভ মিছিল চলাকালে আকাশবাণী কার্যালয় চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাহুল গান্ধী এসব কথা বলেন।
ইন্ডিয়া জোটের প্রায় ৩০০ জন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন বিরোধী নেতারা। তবে নীতি আয়োগ অফিসের সামনে পুলিশি বাধায় প্রতিনিধি দলটি আটকে যায়। পরবর্তীতে সেখানেই অবস্থান নিয়ে ধর্না ও বিক্ষোভ প্রদর্শন করেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, ডেরেক ও’ব্রায়েন ও সুপ্রিয়া সুলেসহ বিরোধী শীর্ষ নেতারা। পুলিশ সেখান থেকে প্রিয়াঙ্কা গান্ধীসহ একাধিক সাংসদকে সাময়িকভাবে আটক করলেও পরে ছেড়ে দেয়।
আকাশবাণী চত্বর থেকে রাহুল গান্ধী সুর চড়িয়ে বলেন, "নরেন্দ্র মোদী, অমিত শাহ ও আরএসএস প্রধান মোহন ভাগবত নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সঙ্গে নিয়ে দেশের ভোটাধিকার চুরি ও গণতন্ত্র হাইজ্যাক করেছেন। দেশকে বাঁচাতেই ৩০০ বিরোধী সাংসদ আজ রাজপথে নেমেছেন। দেশের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তার জবাবদিহি করতেই হবে; কেউ রেহাই পাবে না।" মাত্র ৫০ গজ দূরে অবস্থান করা সত্ত্বেও মুখ্য নির্বাচন কমিশনার বিরোধী এমপিদের সঙ্গে সাক্ষাৎ না করে ভয় পাচ্ছেন বলেও তিনি তোপ দাগেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "আমাদের এই লড়াই অন্যায়ের বিরুদ্ধে। স্বাধীনতার পর অর্জিত সার্বজনীন ভোটাধিকার হরণ করে দেশে একনায়কতন্ত্র চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এখন মোদী-শাহের হাতের পুতুলে পরিণত হয়েছেন।"
মিছিলে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেবল পশ্চিমবঙ্গে একতরফাভাবে ৯০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া ২০১৭ থেকে ২০২৪ সালের নির্বাচনগুলোতে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। সব মিলিয়ে বিরোধী সাংসদদের এই নির্বাচন কমিশন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে দিল্লিতে চরম রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এআইএল/সকালবেলা