সাজেকে হাসপাতাল নির্মাণের দাবি এলাকাবাসীর
রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি: দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে প্রাকৃতিক সৌন্দর্যের অভাব না থাকলেও রয়েছে আধুনিক চিকিৎসা সেবার তীব্র সংকট। প্রায় ১৮ হাজার স্থানীয় বাসিন্দা এবং প্রতিদিনের কয়েক হাজার পর্যটকের জন্য এখানে নেই কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল। ফলে দুর্ঘটনা বা জরুরি অসুস্থতায় জীবন রক্ষায় চরম ঝুঁকি নিতে হচ্ছে দুর্গম পাহাড়ি পথে।
সাজেক এলাকা থেকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের দূরত্ব প্রায় ৬৮ কিলোমিটার। কোনো রোগী গুরুতর অসুস্থ হলে প্রথমে বাঘাইহাট জোন সদর থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু উন্নত চিকিৎসার প্রয়োজন হলে দীর্ঘ ও আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিতে গিয়ে অনেক সময় পথেই রোগীর মৃত্যু ঘটে। বিশেষ করে সড়ক দুর্ঘটনায় আহত পর্যটকদের ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না পাওয়া পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পরিচয় চাকমা জানান, দীর্ঘ দিন ধরে একটি হাসপাতালের দাবি জানিয়ে আসলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলসন চাকমার মতে, সাজেকের মতো দুর্গম ও পর্যটন নির্ভর এলাকায় অন্তত একটি ২৪ ঘণ্টার জরুরি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা এখন সময়ের দাবি। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করছেন, একটি আধুনিক হাসপাতাল পর্যটন শিল্পকে আরও নিরাপদ করবে।
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা সতর্ক করে বলেন, সরকার দ্রুত পদক্ষেপ না নিলে এই পর্যটনকেন্দ্রটি এক সময় জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বড় হুমকিতে পরিণত হতে পারে। স্থানীয়দের দাবি, মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সাজেকে দ্রুত একটি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করা হোক।
এ.আই.এল/সকালবেলা