দিনাজপুরে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত
তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সিং দিবস-২০২৬ ও ফ্লোরেন্স নাইটিংগেল’র ২০৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় দিনাজপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি ও পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস এবং আরএমও ডা. মো. নুর আলম। এছাড়াও ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক অঞ্জলি রানী সরকারসহ অন্যান্য নার্সিং কর্মকর্তাবৃন্দ কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভা শেষে ফ্লোরেন্স নাইটিংগেল’র জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালেও পৃথক র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা মহীয়সী নারী ফ্লোরেন্স নাইটিংগেল’র জীবনী থেকে শিক্ষা নিয়ে দরিদ্র ও অসহায় মানুষের সেবায় নার্সদের আরও নিবেদিতপ্রাণ হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, সেবার মানসিকতা ও আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করলেই এই দিবসের সার্থকতা ফুটে উঠবে।
সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ ও আনোয়ারা নার্সিং কলেজসহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব ভেনুতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উল্লেখ্য, ১৮২০ সালের ১২ মে ইতালিতে আধুনিক নার্সিংয়ের অগ্রদূত ফ্লোরেন্স নাইটিংগেল জন্মগ্রহণ করেন, যাঁর অবদানকে স্মরণ করতেই প্রতিবছর বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়।
এ.আই.এল/সকালবেলা