হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ণ
হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামজনিত উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন হামে আক্রান্ত হয়ে এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১৯২ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে মারা গেছেন ৬৮ জন। তবে হামের উপসর্গ নিয়ে এই সময়ের মধ্যে মৃত্যুর সংখ্যা ৩৫৬ জনে দাঁড়িয়েছে।

অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চের পর থেকে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪ জন। এছাড়া একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৫৬৭ জন।

হঠাৎ হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকাদানের পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে কালক্ষেপণ না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন