গাজীপুরে আঙুর চাষে আবুল হাসেমের বাজিমাত

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ
গাজীপুরে আঙুর চাষে আবুল হাসেমের বাজিমাত

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে বিদেশি ‘বাইকুনুর’ জাতের আঙুর ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আবুল হাসেম মোড়ল। দেশের মাটিতে আঙুর চাষ সম্ভব নয়—এমন ধারণা পাল্টে দিয়ে তাঁর বাগানের বাঁশের মাচায় এখন থোকায় থোকায় ঝুলছে লাল ও সবুজ রঙের আঙুর।

শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের সাঈদ আলী মোড়লের ছেলে আবুল হাসেম তাঁর এক বিঘা জমিতে বিদেশি চারটি জাতের আঙুর চাষ করেছেন। সরেজমিনে দেখা যায়, লতানো গাছের প্রতিটিতেই আঙুরের সমাহার। পাখির আক্রমণ থেকে রক্ষা করতে পুরো বাগান সুতার জাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ফলগুলো পরিপক্ব হতে শুরু করেছে এবং শিগগিরই তা বাজারজাত করা হবে।

আঙুর চাষের অনুপ্রেরণা সম্পর্কে আবুল হাসেম বলেন, “প্রবাসী ছেলের ইচ্ছায় আমি এই বাগান শুরু করি। চারাগুলো রাজশাহী ও নাটোর থেকে সংগ্রহ করা হয়েছে। আগে আমাদের দেশে যেসব আঙুর হতো সেগুলো টক ছিল, কিন্তু এই নতুন জাতগুলো আমাদের মাটি ও আবহাওয়ার উপযোগী এবং স্বাদে অত্যন্ত মিষ্টি।” বাণিজ্যিকভাবে এই চাষ ছড়িয়ে দিলে দেশে আঙুরের আমদানিনির্ভরতা কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, “চিনাশুকানিয়া গ্রামে হাইব্রিড ‘বাইকুনুর’ জাতসহ কয়েকটি জাতের আঙুর চাষ হয়েছে। ফলন বেশ ভালো হয়েছে এবং ইতিমধ্যে ফলে রং ধরেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুরের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছি। এই বিদেশি ফলের চাষ দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমাদের বিশ্বাস।”

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন