মালয়েশিয়ায় ৭ বছর পর দুই বাংলাদেশির মুক্তিলাভ

প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ণ
মালয়েশিয়ায় ৭ বছর পর দুই বাংলাদেশির মুক্তিলাভ

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অপহরণের অভিযোগে দীর্ঘ ৭ বছর কারাবন্দি থাকার পর অবশেষে আদালতের রায়ে মুক্তি পেয়েছেন দুই বাংলাদেশি নাগরিক। 

আজ সোমবার (২৯ জুন) দেশটির উচ্চতর আপিল আদালত তাঁদের বিরুদ্ধে আনা পূর্বের সমস্ত সাজা বাতিল করে অবিলম্বে মুক্তি দেওয়ার চূড়ান্ত আদেশ দেন।

কারাগার থেকে মুক্তি পাওয়া দুই বাংলাদেশি হলেন— ফারুক শাহাবুদ্দিন (৪২) এবং হোসনেয়ারা বেগম রাবেসালি (৪০)।

মালয়েশিয়ার বিচারক প্যানেলের প্রধান বিচারপতি আজমি আরফিনের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ সর্বসম্মতভাবে ১৯৬১ সালের অপহরণ আইনের ধারা ৩(১)-এর অধীনে নিম্ন আদালতের দেওয়া সাজা বাতিলের আবেদন মঞ্জুর করেন। আদালত জানান, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য কোনো প্রমাণ মেলেনি।

এর আগে, দেশটির আলসতার উচ্চ আদালত গত ১ ফেব্রুয়ারি (২০২৪) এই দুজনকে দোষী সাব্যস্ত করে ৩০ বছরের দীর্ঘ কারাদণ্ড দিয়েছিলেন। একই সঙ্গে ফারুক শাহাবুদ্দিনকে অতিরিক্ত একটি বেত্রাঘাতের (ক্যানিং) সাজাও শোনানো হয়েছিল। নিম্ন আদালতের এই বিতর্কিত রায়ের বিরুদ্ধে পরবর্তীতে উচ্চ আদালতে আপিল করেন বিবাদী পক্ষ।

নথিসূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ ডিসেম্বর রাতে মালয়েশিয়ার কেডা রাজ্যের কুলিম বাস স্টেশন এলাকা থেকে সাইফুল ইসলাম সলিহুদ্দিন (২৫) নামের এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ ও আটকে রাখার অভিযোগ ওঠে। ওই ঘটনার পর মালয়েশীয় পুলিশ ফারুক ও হোসনেয়ারাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এরপর থেকে দীর্ঘ ৭ বছর ধরে তাঁরা বন্দিজীবন পার করছিলেন।

আপিল আদালতে মামলার শুনানিতে ফারুক শাহাবুদ্দিনের আইনজীবী আরএসএন রায়ের যুক্তি উপস্থাপন করে জানান, তথাকথিত ভুক্তভোগীর দেওয়া জবানবন্দি ও অন্যান্য তথ্যে ব্যাপক অসঙ্গতি ছিল। কোনো অকাট্য প্রমাণ ছাড়াই তাঁদের সাজা দেওয়া হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে আজ উচ্চ আদালত তাঁদের নির্দোষ ঘোষণা করে সসম্মানে মুক্তির আদেশ দেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন