মুজিবের ম্যুরাল নির্মাণে দুর্নীতি: হাছান-ইনুর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ণ
মুজিবের ম্যুরাল নির্মাণে দুর্নীতি: হাছান-ইনুর বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বেতারে শেখ মুজিবুর রহমানের ব্রোঞ্জ ম্যুরাল নির্মাণের নামে ৬ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাৎ ও সরকারের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে সাবেক দুই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও মোহাম্মদ হাছান মাহমুদসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ অক্টোবর) দুদকের উপসহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।

মামলার অন্য আসামিরা হলেন—বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঞা ও নারায়ণ চন্দ্র শীল, উপস্টেশন প্রকৌশলী মোহাম্মদ আবদুর রহমান, সাবেক সিনিয়র প্রকৌশলী মো. জাকির হোসেন, প্রকল্প স্টিয়ারিং কমিটির সভাপতি ও তৎকালীন ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ এবং প্রকল্প পরিচালক প্রবাল কান্তি দাস। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ২৪ আগস্ট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের আবেদনের পরিপ্রক্ষিতে ২০১৬ সালে বাংলাদেশ বেতারের আগারগাঁও ভবনে একটি কমপ্লেক্স নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২০ সালের ৯ ডিসেম্বর তৎকালীন তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ম্যুরালের নকশা অনুমোদিত হয়।

অনুসন্ধানে জানা যায়, কার্যাদেশ পাওয়া ঠিকাদার ২০২৪ সালের ১২ জুন পর্যন্ত নয়টি বিলের মাধ্যমে মোট ৬ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার টাকা উত্তোলন করেন। তবে দুদকের অনুসন্ধান টিম বাংলাদেশ বেতারের আগারগাঁও কেন্দ্র সরেজমিন পরিদর্শন করে সেখানে ম্যুরালের কোনো বাস্তব অস্তিত্ব খুঁজে পায়নি।

দুদক সূত্রে জানানো হয়, প্রকল্পের অপরিহার্য অংশ না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে বেআইনিভাবে ম্যুরাল নির্মাণের কাজটি অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় তহবিলের সাড়ে ৬ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে।

এআইএল/সকালবেলা