সোনারগাঁওয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা, গ্রেফতার ২১
মো. মুক্তার হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অপরাধ দমন ও মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মাদকের আস্তানায় হানা দিয়ে ১০১ পিস ইয়াবাসহ মোট ২১ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ব্লক রেড অভিযান চালানো হয়। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের (পিপিএম) নেতৃত্বে পুলিশের একাধিক চৌকস টিম সম্ভাব্য, ভাসমান ও গোপন আস্তানায় একযোগে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মাদকসেবীরা হলেন—মো. আশরাফুল, সিফাত, মো. সাদেক, বিপ্লব মিয়া, মো. আনোয়ার হোসেন, কৃষ্ণ চন্দ্র বর্মন, সানি, মোমেন, জুয়েল, সালমান, মো. রাকিব হোসেন, মো. আবুল খায়ের, মো. মফিজুর ইসলাম, মো. আনিসুর রহমান ওরফে রনি, মো. শাহ আলম, মো. রাহাত, রিয়াজ, মো. শামীম ও মো. তরুণ। এ ছাড়া মাদক মামলার আসামি আল আমিন ও মো. আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ২১ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এআইএল/সকালবেলা