রাজধানীর উন্নয়নে দৃশ্যমান অগ্রগতির জন্য গঠিত হচ্ছে ২০ বিশেষ কমিটি

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ণ
রাজধানীর উন্নয়নে দৃশ্যমান অগ্রগতির জন্য গঠিত হচ্ছে ২০ বিশেষ কমিটি

অনলাইন ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার, খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ কার্যক্রমে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকা মহানগরীতে বিশেষ তদারকি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ভিত্তিক মোট ২০টি জোনে এসব বিশেষ কমিটি গঠন করা হবে। উত্তর সিটি কর্পোরেশনের ১০টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০টি জোনে গঠিত এই কমিটিগুলোর নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা।

রবিবার (১৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, জোনাল কমিটিগুলোতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং সিটি কর্পোরেশনের প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল উইং ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা যুক্ত থাকবেন। জরুরি পদক্ষেপে সহায়তা করতে প্রতিটি কমিটির সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া এই ২০টি জোনাল কমিটির কাজ তদারকি ও সমন্বয়ের জন্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের মনিটরিং কমিটি গঠন করা হবে। এতে সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন। গঠিত কমিটিগুলো সরজমিনে পরিচ্ছন্নতা অভিযান, খাল পুনর্দখল ও মশক নিধনে কার্যকর কার্যক্রম নিশ্চিত করবে।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান এবং সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা