কানাডার রাজনীতিতে বাংলাদেশি ডলির চমক

কানাডার রাজনীতিতে বাংলাদেশি ডলির চমক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কানাডার মূলধারার রাজনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট (Scarborough Southwest) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর এই জয় কেবল প্রবাসীদের জন্য গর্বের নয়, বরং কানাডার বর্তমান সরকারের স্থিতিশীলতা রক্ষায় এক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত এই উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ডলি বেগম। তাঁর এই বিজয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি কানাডার হাউজ অব কমন্সে কাঙ্ক্ষিত একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর আগে লিবারেলদের আসন ছিল ১৭১টি। ডলি বেগমের জয়সহ মোট তিনটি উপনির্বাচনে জয়ের ফলে তাদের আসন সংখ্যা এখন ১৭৪-এ উন্নীত হয়েছে (মোট ৩৪৩টি আসনের মধ্যে)। এই সংখ্যাগরিষ্ঠতা প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ২০২৯ সাল পর্যন্ত স্বাধীনভাবে সরকার পরিচালনার শক্তিশালী ম্যান্ডেট দিল।

ফেডারেল রাজনীতিতে প্রবেশের আগে ডলি বেগম ২০১৮ সালে অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টে এনডিপি (NDP) প্রার্থী হিসেবে প্রথমবার এমপিপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন। তিনি ছিলেন কানাডার কোনো আইনসভায় নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি। পরবর্তীতে ২০২২ এবং ২০২৪ সালেও তিনি তাঁর জনপ্রিয়তা ধরে রাখেন। তবে এ বছর তিনি এনডিপি থেকে পদত্যাগ করে লিবারেল পার্টিতে যোগ দিয়ে ফেডারেল রাজনীতিতে নামেন এবং সেখানেও সাফল্যের স্বাক্ষর রাখেন।

ডলি বেগমের জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলার মনু নদের তীরের এক পরিবারে। মাত্র ১২ বছর বয়সে বাবা রাজা মিয়া ও মা জবা বেগমের সঙ্গে তিনি কানাডায় পাড়ি জমান। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং লন্ডনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

মৌলভীবাজারের এই কন্যার আকাশছোঁয়া সাফল্যে উচ্ছ্বসিত কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডলি বেগমের এই বিজয় প্রমাণ করে যে মেধা ও নিষ্ঠা থাকলে বিদেশের মাটিতেও মূলধারার নেতৃত্বে আসা সম্ভব। এটি নতুন প্রজন্মের প্রবাসীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন