ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনছে সরকার

ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনছে সরকার

 মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। 

সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকেই এই প্রত্যাবাসন কার্যক্রম শুরু হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান আকাশপথের ঝুঁকি এড়াতে বিকল্প রুট ব্যবহার করা হচ্ছে। প্রথম ধাপে আগ্রহী বাংলাদেশিদের সড়কপথে ইরান সীমান্ত পার করে প্রতিবেশী দেশ আজারবাইজানে নেওয়া হবে। সেখান থেকে রাজধানী বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের সরাসরি ঢাকায় ফিরিয়ে আনা হবে।

এই পুরো প্রক্রিয়াটি তদারকি করতে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান যাচ্ছেন। এছাড়া প্রত্যাবাসন কাজে সহযোগিতা ও সমন্বয় করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার রাতেই বাকুর উদ্দেশ্যে রওনা হয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাত এখন চূড়ান্ত রূপ নিয়েছে। ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলি ও মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে সেখানে বসবাসরত প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ফিরিয়ে আনছে বাংলাদেশ সরকার।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন