আমেরিকায় সড়ক দুর্ঘটনায় বরিশালের ব্যবসায়ী নিহত

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ণ
আমেরিকায় সড়ক দুর্ঘটনায় বরিশালের ব্যবসায়ী নিহত

সাঈদ পান্থ, বরিশাল: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কবির হোসেন মৃধা (৫৫) নামে বাংলাদেশি এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত কবির হোসেন বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছোট ছেলে।

আজ রবিবার (২১ জুন) দুপুরে কবির হোসেনের নিকটাত্মীয় হেমায়েত হাওলাদার নিহতের স্ত্রীর বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিগত ১৫ বছর পূর্বে ডিভি লটারিতে (DV Lottery) বিজয়ী হয়ে সপরিবারে আমেরিকায় পাড়ি জমান কবির হোসেন। মৃত মেছের উদ্দিন মৃধার পাঁচ মেয়ে ও চার ছেলের মধ্যে কবির হোসেন ছিলেন সবার ছোট। তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্থায়ীভাবে বসবাস করতেন এবং সেখানে তাঁর নিজস্ব ব্যবসা ছিল। তাঁর স্ত্রী রুমা আক্তার ও এক ছেলেও সেখানে বসবাস করেন।

গত শনিবার (২০ জুন) স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা) ফ্লোরিডায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন কবির হোসেন। ওই সময় আকস্মিকভাবে একটি বেপরোয়া গতির ট্রাক এসে তাঁকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্বজনরা জানান, কবির হোসেনের জীবদ্দশার শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ বাংলাদেশে এনে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশেই দাফন করা হবে। বর্তমানে আমেরিকা থেকে তাঁর মরদেহ দেশে আনার আইনি ও অন্যান্য প্রক্রিয়াগত প্রস্তুতি চলছে।

এদিকে সুদূর প্রবাসে সফল এই ব্যবসায়ীর এমন নির্মম মৃত্যুর খবর তাঁর গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

এআইএল/সকালবেলা