শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার রায় আজ

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার রায় আজ

অনলাইন ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে চার বছর বয়সী শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলার রায় আজ সোমবার (২২ জুন) ঘোষণা করা হবে। গতকাল রবিবার ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করেন।

গত ২৬ ফেব্রুয়ারি সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামে চিপস ও জুস দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু তাবাচ্ছুমকে নিজের ঘরে ডেকে নেন অভিযুক্ত আবু তাহের। সেখানে শিশুটিকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহটি একটি বস্তায় ভরে পাশের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখেন তিনি। ঘটনার রাতেই কুষ্টিয়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আবু তাহের আদালতে নিজের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গত ২৬ মে আদালতে চার্জশিট দাখিল করেন। মাত্র চার মাসের মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে মামলার বিচারকাজ শেষ পর্যায়ে পৌঁছায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট আকিদুল ইসলাম জানান, আদালতে আসামির বিরুদ্ধে অপরাধের সব তথ্য-প্রমাণ ও সাক্ষ্য নিখুঁতভাবে উপস্থাপন করা হয়েছে।

একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে শোকে পাথর তাবাচ্ছুমের বাবা-মা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দাবি করেছেন। তারা আদালতের এই দ্রুত বিচার প্রক্রিয়ার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রত্যাশা করছেন যে, আজকের রায়ে তারা সর্বোচ্চ ন্যায়বিচার পাবেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন