পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বরাসুর গ্রামে পরকীয়া প্রেমিকের সাথে নিজের স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে বিয়ে দিয়ে দিয়েছেন এক স্বামী। 

সোমবার (২০ এপ্রিল) রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বিয়ের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বরাসুর গ্রামের আলম চৌধুরীর স্ত্রী ও তিন সন্তানের জননী রিনি বেগম (২৮)-এর সাথে ফেসবুকে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার জাহাঙ্গীর (২৭)-এর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। আলম আগে থেকেই স্ত্রীর আচরণের ওপর সন্দেহ পোষণ করতেন।

রবিবার রাতে আলম তাঁর দোকানে ব্যস্ত থাকার সুযোগে জাহাঙ্গীর গোপনে রিনির ঘরে প্রবেশ করেন। রাত ৯টার দিকে আলম বাড়িতে ফিরে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। ধরা পড়ার পর রিনি বেগম তাঁর স্বামীর সাথে সংসার করতে অস্বীকৃতি জানান এবং প্রেমিকের সাথে থাকার ইচ্ছা প্রকাশ করেন।

পরে আলম স্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ৫ লাখ টাকা দেনমোহরে স্ত্রীকে তাঁর প্রেমিকের সাথে বিয়ে দেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আলম নিজেই তাঁদের লক্ষ্মীপুরের উদ্দেশ্যে বাসে উঠিয়ে দেন।

এমন বিরল ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষোভ বা প্রতিহিংসা না দেখিয়ে স্ত্রীর ইচ্ছাকে প্রধান্য দিয়ে তাঁকে বিয়ে দিয়ে দেওয়ার এই ঘটনাটি এখন টক অব দ্য ভিলেজে পরিণত হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন