বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে

বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করার এক বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

গনেরগাঁও গ্রামের মেনু মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে বন্যা আক্তারের সাথে পাকুন্দিয়া উপজেলার প্রবাসী হৃদয় মিয়ার বিয়ে ঠিক হয়। শুক্রবার রাতে বরযাত্রীসহ হৃদয় কনের বাড়িতে উপস্থিত হলে ৬ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়। অতিথিদের আপ্যায়ন চলাকালীন হঠাৎ মাসুদ নামের এক যুবক মোটরসাইকেলে করে বিয়ের আসরে হাজির হন।

মাসুদ দাবি করেন, বন্যার সাথে তাঁর দুই বছরের প্রেমের সম্পর্ক রয়েছে এবং প্রমাণ হিসেবে মোবাইলে থাকা যুগল ছবি উপস্থিত লোকজনকে দেখান। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে কনে পক্ষ মাসুদকে মারধর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুনরায় এলাকায় আনা হয়।

হাসপাতাল থেকে মাসুদ ফেরার পর নববিবাহিতা বন্যা আক্তার প্রকাশ্যে ঘোষণা দেন যে, তিনি হৃদয়ের পরিবর্তে প্রেমিক মাসুদের সাথেই সংসার করতে চান। উদ্ভুত পরিস্থিতিতে দুই পক্ষের দীর্ঘ আলোচনার পর প্রবাসী স্বামী হৃদয় মিয়াকে তাৎক্ষণিক তালাক দেন বন্যা। হৃদয় তাঁর স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রী নিয়ে ফিরে যান। এরপর রাত সাড়ে ৩টার দিকে ৪ লাখ টাকা দেনমোহরে হোসেনপুর উপজেলার মাসুদের সাথে বন্যার পুনরায় বিয়ে সম্পন্ন হয়।

বন্যা আক্তার জানান, “পরিবারের চাপে অন্যত্র বিয়েতে রাজি হলেও শেষ পর্যন্ত আমি আমার ভালোবাসাকেই বেছে নিয়েছি।” পরদিন সকালে নবদম্পতি মাসুদের বাড়িতে চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন