রাজাকারের বিরুদ্ধে ঝিনাইদহ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ণ
রাজাকারের বিরুদ্ধে ঝিনাইদহ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: দেশব্যাপী স্বৈরাচার ও রাজাকারের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পিলুসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী মিছিলে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী লীগ ও জামায়াতসহ কিছু গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণকে সাথে নিয়ে স্বেচ্ছাসেবক দল যেকোনো বিশৃঙ্খলা প্রতিহত করতে প্রস্তুত।” বক্তারা আরও দাবি করেন যে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে নেওয়া কার্যক্রমগুলো বাধাগ্রস্ত করতে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন