তেলের দাম বৃদ্ধিতে কমবে মজুদ প্রবণতা: পেট্রোল পাম্প মালিক সমিতি

তেলের দাম বৃদ্ধিতে কমবে মজুদ প্রবণতা: পেট্রোল পাম্প মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে মজুদ প্রবণতা কমবে বলে ধারণা করছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সংগঠনের সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ এক বিবৃতিতে এ কথা জানান।

তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের বৃদ্ধির সঙ্গে দেশের বাজারে দাম সমন্বয় করায় সরকারকে সাধুবাদ জানাচ্ছি। এর ফলে জ্বালানি তেলের মজুদ প্রবণতা কমবে এবং বিক্রিতে আরও স্বচ্ছতা আসবে বলে মনে করি।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার। এতে প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা ও পেট্রোলের দাম ১৯ টাকা বেড়েছে। নতুন এ দাম রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা।

নতুন সমন্বয়ে ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, এতে লিটারে ১৮ টাকা বেশি গুনতে হবে ভোক্তাকে। অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, এখানে লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি দেখা গেছে। আর পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, যা লিটারে ১৯ টাকা বেশি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন