ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানকালীন সহিংসতা ও হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার দুপুরে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
গত মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারের পর তাঁকে আদালতে হাজির করা হলে পুলিশ রিমান্ডের আবেদন জানায়। তবে আদালত রিমান্ড নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা সাবেক এই স্পিকারের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ