ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, “জুলাই সনদ নিয়ে আমরা আগেও যা বলেছি, এখনো তাই বলছি। আমরা জুলাই সনদকে মনে-প্রাণে মানি এবং এর প্রতিটি দফাকে সম্মান করি। কিন্তু বিরোধী দল বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করছে যেন আমরা এর বিপক্ষে, যা একটি কৃত্রিম মুখোমুখি অবস্থান তৈরির চেষ্টা মাত্র।”
রোববার (১২ এপ্রিল) বিকেলে ভোলার উকিলপাড়ায় নিজ বাসভবনে বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার পার্থ বলেন, “আমি আগেও বলেছি, জুলাই সনদের মূল চেতনা বা স্পিরিটকে আমরা ধারণ করব এবং একই সঙ্গে সংবিধানের প্রতিও শ্রদ্ধা বজায় রাখব। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীও এ বিষয়ে আশ্বাস দিয়েছেন। অথচ বিরোধী দল ‘প্রতারণা’র মতো শক্ত শব্দ ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমার মনে হয়, এ ধরনের বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরোধী দলের সরে আসা উচিত।”
ভোলার উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করে সংসদ সদস্য বলেন, “বিগত ৪২ দিনে ভোলাবাসীর জন্য আমাদের দুটি বড় অর্জন রয়েছে। ভোলা-বরিশাল সেতুর ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যা শিগগিরই একনেক সভায় অনুমোদিত হবে। এছাড়া ভোলা সদরে একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টিও সরকার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ভোলার আর্থ-সামাজিক চিত্রে আমূল পরিবর্তন আসবে।”
দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ