ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মাইনুল হক, নীলফামারী: নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিলসহ পর্যায়ক্রমে দেশের বন্ধ থাকা সকল টেক্সটাইল ও জুট মিল পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। রোববার (১২ এপ্রিল) সকালে নীলফামারীর বন্ধ থাকা দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সারা বাংলাদেশের বন্ধ মিলগুলো পরিদর্শন করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আমরা এসব শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর প্রক্রিয়া শুরু করেছি। বিশেষ করে দারোয়ানী টেক্সটাইল মিল নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে, যা বর্তমানে মূল্যায়নের পর্যায়ে রয়েছে।’
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা ভালো বিনিয়োগকারী পেয়েছি। আশা করছি আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে এই মিলে আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে। এর ফলে এলাকার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে।’
বিগত ১৭ বছর দেশের অর্থনৈতিক কার্যক্রম স্থবির ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত সময়ে অনেক অসামঞ্জস্যতা ছিল, কিন্তু আমরা পিছনে তাকাতে চাই না। আমাদের বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা।’
পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পাট পচানোর পানির সমস্যা সমাধানে দেশজুড়ে খাল খনন কর্মসূচি পুনরায় চালু হয়েছে। এছাড়া পাট চাষিদের প্রযুক্তিগত সহায়তা এবং উচ্চফলনশীল বীজ সরবরাহে গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’
টেক্সটাইল মিল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে ‘ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্ট বিডি’ কারখানা পরিদর্শন করেন।
এ সময় নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম ফয়জুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ