ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা) প্রতিনিধি: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনার কয়রায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় জোট। জনগণের রায় অমান্য করে দেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে—এমন অভিযোগ তুলে নেতৃবৃন্দ জনগণের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
রোববার (১২ এপ্রিল) বিকাল ৪টায় কয়রা উপজেলা সদরের জামায়াত মোড়ে (মসজিদে-ই-আবু বক্করের সামনে) এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তারা বলেন, জুলাই-আগস্টের বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তার বিচ্যুতি ঘটছে। নেতারা অভিযোগ করেন, যারা জুলাই যোদ্ধাদের রক্তের ওপর ভর করে ক্ষমতায় বা সংসদে গিয়েছেন, তারা এখন সেই বিপ্লবের আদর্শের সাথে বেইমানি করছেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মিজানুর রহমান বলেন, “জুলাই যোদ্ধাদের একফোঁটা রক্তও আমরা বিফলে যেতে দেব না। নির্বাচনের আগে যারা ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছিলেন, তারা এখন সেটি মূল্যায়ন করছেন না। সরকারকে অনুরোধ করছি, জুলাই যোদ্ধাদের সম্মান দেখিয়ে সেই সনদ মেনে নিন এবং একটি নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ উপহার দিন। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল সুজাউদ্দিন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য মাওলানা আবু তাহের, হাফেজ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, যুব বিভাগের সেক্রেটারি জি এম মোনায়েম বিল্লাহ এবং ছাত্রনেতা সালাউদ্দিন ও আল আমিন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে জুলাই সনদের দাবিগুলো মেনে নিয়ে জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার সম্পন্ন করার দাবি জানান।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ