ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজমুল হাসান, মাদারীপুর: মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কিত হয়ে বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে চাকার নিচে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের বাসটি গোপালপুর এলাকায় পৌঁছালে হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসটি পুরোপুরি থামার আগেই জীবন বাঁচাতে অনেক যাত্রী জানালা ও দরজা দিয়ে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় একজন যাত্রী চলন্ত বাসের চাকার নিচে পড়ে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অগ্নিকাণ্ডের ঘটনার পর মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, “আমরা এসে দেখতে পাই বাসটি দাউ দাউ করে জ্বলছে। যাত্রীরা দ্রুত নামার চেষ্টার সময় একজন চাকার নিচে পড়ে মারা গেছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।”
ডাসার থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। বাসে অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ