একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল

একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে দেশব্যাপী সমন্বিত অভিযানে নেমেছে র‍্যাব। গত এক দিনে ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মজুত জব্দ এবং ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে মোট ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত শনাক্তের পর তা জব্দ করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফেনীর ইসলাম রোড এলাকায় একটি তেলের গুদামে অবৈধ মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া যশোরের কোতোয়ালি থানায় মেসার্স নওয়াব মিলে ১৬ হাজার ৫২৪ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রংপুরে দুটি প্রতিষ্ঠানকে মূল্যবৃদ্ধি ও অবৈধ মজুতের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজধানীর পল্টন, শান্তিনগর ও পুরানা পল্টন এলাকায় বাজার মনিটরিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদের অতিরিক্ত মজুত না করার নির্দেশনা দেওয়া হয়। শ্যামপুরের জুরাইন বাজারে পৃথক অভিযানে ১ হাজার ৭০৫ বস্তা চাল ও ৫০০ বস্তা আটা অবৈধভাবে মজুতের দায়ে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ হাজার ৫০০ লিটার ভোজ্যতেল মজুত রাখায় ৩০ হাজার টাকা এবং নরসিংদীতে নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ, রাজধানীর ডেমরা ও হবিগঞ্জ সদর এলাকায় পৃথক অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানে অবৈধ উৎপাদন, ভেজাল লেবেলিং এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হয়েছে। র‍্যাব জানিয়েছে, বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন