ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রাসেল রানা মেহেদী, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে রাতের বেলা অবস্থান করাকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারী, গণ অধিকার পরিষদ এবং পরবর্তীতে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় মারধর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই নজিরবিহীন ঘটনা ঘটে, যা নিয়ে বর্তমানে পুরো জেলাজুড়ে চরম উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলা পিআইও নূরনবী সরকার নিয়মিত অফিস সময়ের বাইরে গভীর রাত পর্যন্ত কার্যালয়ে অবস্থান করতেন। বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সমালোচনা চলে আসছিল। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদের নেতৃত্বে একদল নেতাকর্মী পিআইও অফিসে যান এবং রাতে অফিস খোলার কারণ জানতে চান। এ সময় কর্মকর্তাদের সাথে তাদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় অফিস কক্ষ।
ঘটনার দ্বিতীয় ধাপে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, প্রথম দফার উত্তেজনার পর মামুনুর রশীদ ও তার কর্মীরা ফিরে যাওয়ার সময় পিআইও নূরনবী সরকারের পক্ষ নিয়ে ছাত্রদলের কিছু নেতাকর্মী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার পর পরই পুরো উপজেলা চত্বরে থমথমে পরিস্থিতি বিরাজ করতে থাকে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারি জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ