ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী: গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া এবং বিগত সময়ে সংঘটিত সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ফেনীতে সমাবেশ ও মানববন্ধন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘অধিকার’।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ফেনী প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদু রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুম হওয়া রিপনের মা রওশন আরা বেগম। অধিকার ফেনীর ফোকাল পারসন নাজমুল হক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহি উদ্দিন খোন্দকার, সাংবাদিক এম মামুনুর রশীদ, এন. এন জীবন, শাহজালাল ভূঞা এবং জেলা জাসাস সভাপতি কাজী ইকবাল আহমেদ ফরান। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক একতা মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রোকেয়া ইসলাম এবং গুম হওয়া রিপনের ভাই মাহফুজুর রহমান।
সমাবেশে বক্তারা জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার লক্ষ্যে জারিকৃত অধ্যাদেশ বাতিলে বিশেষ কমিটির সুপারিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নজিরবিহীনভাবে দলীয়করণ করা হয়েছিল। যার ফলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ নাগরিকরা গুম, খুন ও বিচারিক হয়রানির শিকার হয়েছেন। বক্তারা অভিযোগ করেন, তৎকালীন আজ্ঞাবহ জাতীয় মানবাধিকার কমিশন এসব নিপীড়নের বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কমিশনকে শক্তিশালী করার উদ্যোগ নিলেও একটি পক্ষ তা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
বক্তারা আরও স্মরণ করিয়ে দেন যে, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণভোটে দেশের ৬৮ শতাংশ মানুষ ইতিবাচক রায় দিয়েছিলেন। জনমতের সেই প্রতিফলনকে তোয়াক্কা না করে অধ্যাদেশ বাতিলের সুপারিশ প্রতিহিংসামূলক ও বৈষম্যমূলক। অবিলম্বে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান নিশ্চিত করা এবং দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার করার জোর দাবি জানানো হয় এই সমাবেশ থেকে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ