জুলাই জাদুঘর না খুললে আন্দোলনের হুঁশিয়ারি শহীদ পরিবারের

জুলাই জাদুঘর না খুললে আন্দোলনের হুঁশিয়ারি শহীদ পরিবারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখার প্রতিবাদে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শহীদ পরিবার ও সাধারণ আলেম সমাজ। 

আজ রবিবার (৫ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ‘জুলাই গণঅভ্যুত্থান সেল’-এর সম্পাদক আকিফ আব্দুল্লাহ বলেন, "গণহত্যা মামলার আসামি সচিব আলাউদ্দিন আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে পরিকল্পিতভাবে জাদুঘরটি চালু হতে দিচ্ছেন না। একজন আসামির হাতে শহীদদের শেষ স্মৃতি জিম্মি থাকা রাষ্ট্রের জন্য চরম লজ্জাজনক।"

বক্তারা অভিযোগ করেন, সংস্কৃতি মন্ত্রণালয় দেশীয় সংগ্রামের ইতিহাস উপেক্ষা করে ভিন্ন দেশের সংস্কৃতি আমদানিতে বেশি আগ্রহী। বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের স্মৃতিবিজড়িত এই জাদুঘরটি চালু না করা শহীদদের সঙ্গে বিট্রে করার শামিল।

সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হয়, আগামী ১৪ এপ্রিল ২০২৬-এর মধ্যে জাদুঘরটি জনসাধারণের জন্য খুলে দিতে হবে। অন্যথায় শহীদ পরিবার ও আলেম সমাজকে সাথে নিয়ে সর্বাত্মক ও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন