ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় প্রেমিকাকে ডেকে নিয়ে ফসলি মাঠে চার বন্ধু মিলে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত নাহিদ ইসলাম (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল ২০২৬) দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামের একটি নির্জন ফসলি মাঠে এ পৈশাচিক ঘটনা ঘটে। গ্রেফতারকৃত নাহিদ কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের শাহীন ফরাজির ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল। বুধবার রাতে তাকে খামিনারবাগ গ্রামের ফসলি মাঠে ডেকে নেওয়া হয়। সেখানে নাহিদ, সাদ্দাম, নাজমুল ও নুর আলম নামের চার যুবক তাকে আটকে রেখে সারারাত পালাক্রমে ধর্ষণ করে। শুধু তাই নয়, ধর্ষণের পর মেয়েটির কান থেকে এক জোড়া স্বর্ণের দুল ও নগদ ৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় তারা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ জানতে পারে যে, খামিনারবাগ গ্রামে একটি মেয়েকে আটকে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে।
পরে ভুক্তভোগী নারী ভাঙ্গা থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি নাহিদকে গ্রেফতার করেছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ