কওমী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

কওমী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

ডেস্ক রিপোর্ট: কওমি মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মেধা স্বীকৃতি, সম্মাননা এবং উচ্চতর গবেষণায় উদ্বুদ্ধ করতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ২০২৬ সালে ‘কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নাসীহা প্রোগ্রাম’ আয়োজন করতে যাচ্ছে, যেখানে ৩টি উমরাহসহ মোট ৪৫ লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হবে। 

গত সোমবার (৩০ মার্চ) আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ তার অফিসিয়াল ফেসবুক পেজে এই বিশেষ আয়োজনের ঘোষণা দেন। প্রতি বছর দাওরায়ে হাদীস সম্পন্ন করা হাজার হাজার শিক্ষার্থীর মেধার যথাযথ মূল্যায়ন এবং গবেষণামুখী দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সংবর্ধনা কার্যক্রমে আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে ১৪৪৭ হিজরির কেন্দ্রীয় পরীক্ষায় দাওরায়ে হাদীস বোর্ডে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত এবং ‘মুমতাজ’ ফলাফল অর্জনকারী আলেম ও আলেমাগণ অংশ নিতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম তিনজনকে উমরাহ পালনের সুযোগ এবং ১০ হাজার টাকা সমমূল্যের কিতাব প্রদান করা হবে। 

এ ছাড়া চতুর্থ স্থান অধিকারীকে ১ লক্ষ টাকা এবং পঞ্চম স্থান অধিকারীকে ৮০ হাজার টাকা সমমূল্যের কিতাবসহ মোট ৫০০ জন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে ৪৫ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট এবং ইবনে সিনা ও আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসা সেবায় বিশেষ ডিসকাউন্ট হেলথ কার্ড প্রদান করা হবে।

নারী শিক্ষার্থীরাও এই সংবর্ধনার জন্য আবেদন করতে পারবেন, তবে তাদের পুরস্কার গ্রহণ করবেন নির্ধারিত পুরুষ অভিভাবক। আগামী ১৭ এপ্রিল শুক্রবার সকাল ৯টায় রাজধানীর আস-সুন্নাহ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এতে দেশের শীর্ষস্থানীয় ও অভিজ্ঞ আলেমগণ তরুণ আলেমদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নাসীহা ও দিকনির্দেশনা প্রদান করবেন। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৫ এপ্রিলের মধ্যে নির্ধারিত গুগল ফরম পূরণ করে আবেদন করতে হবে। এই উদ্যোগ কওমি শিক্ষার্থীদের মাঝে দ্বীনি গবেষণা ও জাতির কল্যাণে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করছেন আয়োজকরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন