ঈদকে সামনে রেখে মণিরামপুরে মিষ্টির প্যাকেট তৈরির ধুম

ঈদকে সামনে রেখে মণিরামপুরে মিষ্টির প্যাকেট তৈরির ধুম

আব্দুল্লাহ আল মামুন, যশোর: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোরের মণিরামপুর উপজেলার সৈয়দ মাহমুদপুর গ্রামের একটি পরিবারে শুরু হয়েছে মিষ্টির প্যাকেট তৈরির ধুম। ঈদের আনন্দ ও বাড়তি আয়ের আশায় দিন-রাত পরিশ্রম করে চলেছেন পরিবারের নারী-পুরুষ সদস্যরা।

উপজেলার সৈয়দ মাহমুদপুর গ্রামের বাসিন্দা চিত্র রঞ্জনের দুই ছেলে তুষার ও তাপস। প্রতি বছর ঈদের আগে বাজারে মিষ্টির চাহিদা বেড়ে যাওয়ায় তারা প্যাকেট তৈরির এই মৌসুমী পেশায় যুক্ত হন। বর্তমানে তুষার ও তাপস তাদের স্ত্রীদের সাথে নিয়ে ঘরেই প্যাকেট তৈরির কাজ করছেন।

পরিবারের সদস্যরা জানান, ঈদ উপলক্ষে মণিরামপুরসহ আশেপাশের বাজারের মিষ্টির দোকানগুলোতে প্যাকেটের বিপুল চাহিদা থাকে। তাই সময়মতো সরবরাহ নিশ্চিত করতে তারা আগেভাগেই প্রস্তুতি শুরু করেছেন। বিভিন্ন আকার ও নকশার এই প্যাকেটগুলো স্থানীয় পাইকারি ও খুচরা দোকানগুলোতে পৌঁছে দেওয়া হয়।

 তুষার ও তাপস জানান:

"বছরের অন্য সময়ের তুলনায় ঈদের এই সময়টাতে কাজের চাপ অনেক বেশি থাকে। তবে সবাই মিলে একসাথে কাজ করায় যেমন দ্রুত শেষ হয়, তেমনি পরিবারের জন্য বাড়তি আয়ের একটি বড় সুযোগ তৈরি হয়। এই আয় দিয়েই আমাদের পরিবারের ঈদের কেনাকাটা ও আনুষঙ্গিক খরচ মেটানো সম্ভব হয়।"

সৈয়দ মাহমুদপুর গ্রামের বাসিন্দারা জানান, চিত্র রঞ্জনের পরিবারের তৈরি প্যাকেটের গুণগত মান ও ফিনিশিং ভালো হওয়ায় এলাকায় এদের বেশ সুনাম রয়েছে। ক্ষুদ্র এই কুটির শিল্পের মাধ্যমে পরিবারটি স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় বাজারের চাহিদাও পূরণ করছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন