স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে সরকারি দল

স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে সরকারি দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে আজ বুধবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে সরকারি দল। বেলা ১১টায় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকে সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম চূড়ান্ত করার পাশাপাশি সংসদীয় কমিটি গঠনসহ নীতিনির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে। জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চিফ হুইপ নূরুল ইসলাম দলের সকল সংসদ সদস্যকে যথাসময়ে বৈঠকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

বিএনপি ও সংসদীয় সূত্র জানিয়েছে, সংসদের গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য বেশ কয়েকজনের নাম বর্তমানে আলোচনায় রয়েছে। স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন ও সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। অন্যদিকে, সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তীতে ডেপুটি স্পিকার পদ গ্রহণ করতে পারে জামায়াত। দলটির পক্ষ থেকে পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসনের ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, কুড়িগ্রাম-৩ আসনের ব্যারিস্টার মাহবুব সালেহী এবং পিরোজপুর-১ আসনের মাসুদ সাঈদীর নাম নিয়ে আলোচনা চলছে।

উল্লেখ্য, আগামীকাল সংসদের প্রথম বৈঠকেই নতুন স্পিকারের শপথ গ্রহণের জোরালো সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে আজকের এই সংসদীয় দলের বৈঠক থেকেই চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এছাড়া বিরোধী দলের সঙ্গে সংসদ পরিচালনায় কৌশল নির্ধারণ, গুরুত্বপূর্ণ বিল পাস এবং বিভিন্ন সংসদীয় কমিটি পুনর্গঠনের বিষয়েও আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত সোমবার সরকারি ও বিরোধী দলীয় হুইপদের মধ্যে এক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ ভবনের চিফ হুইপ নূরুল ইসলামের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে সংসদের প্রথম অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা এবং জাতীয় ইস্যুতে সম্মিলিত অবস্থান নির্ধারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন