ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ায় দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের ভাগ্য বদলে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি। প্রথম ধাপে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৪৯৬টি সুবিধাভোগী পরিবারকে এই বিশেষ কার্ডের আওতায় আনা হচ্ছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১০টায় শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। জেলা প্রশাসনের এই মহৎ উদ্যোগটি স্থানীয় দরিদ্র মানুষের মাঝে ব্যাপক আশার আলো সঞ্চার করেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশের হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোকে সরাসরি আর্থিক সহায়তার আওতায় আনতেই এই পরিকল্পনা।
ভাতা: নির্বাচিত প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
কার্ডধারী: নারী ক্ষমতায়নের লক্ষ্যে প্রতিটি পরিবারের একজন নারী সদস্যকে এই কার্ডের ধারক হিসেবে নির্বাচন করা হয়েছে।
মেয়াদ: প্রাথমিকভাবে চার মাস এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে (পাইলট প্রজেক্ট) চলবে। এর সফলতা মূল্যায়ন করে পরবর্তীতে সারা দেশে এই মডেল সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রকৃত অভাবী পরিবারগুলো যাতে বাদ না পড়ে, সে জন্য কঠোর তদারকির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা সহকারী, গ্রাম পুলিশ এবং আনসার-ভিডিপি সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে মাঠ পর্যায়ের তথ্য যাচাই করেছেন।
এই বিশেষ কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া স্বচ্ছতা বজায় রাখতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করছে।
বগুড়া জেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগের ফলে প্রান্তিক জনপদে দারিদ্র্য বিমোচন ও নারীর অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ