জামায়াতের পরামর্শক হলেন ইফতেখার চৌধুরী: রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য

জামায়াতের পরামর্শক হলেন ইফতেখার চৌধুরী: রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অভিজ্ঞ কূটনীতিক ড. ইফতেখার আহমেদ চৌধুরীকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে জামায়াতে ইসলামী। গত বৃহস্পতিবার ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্যএশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠকে তার উপস্থিতির পর বিষয়টি প্রকাশ্যে আসে। জামায়াতের ওই বৈঠকের ছবি এবং খবর প্রচারের পর সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সাবেক এই কূটনীতিক এক-এগারো সরকারের সময় নিজের বিতর্কিত ভূমিকার জন্য বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন। জামায়াত সূত্রে জানা গেছে, ইফতেখার চৌধুরীর ব্যক্তিগত আগ্রহ এবং তার আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগাতেই তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান জানান, পল কাপুরের সঙ্গে বৈঠকের সময় তিনি দলের পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন। দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের নিশ্চিত করেছেন যে, তিনি জামায়াতের ‘ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্ট’ হিসেবে কাজ করছেন।

ইফতেখার আহমেদ চৌধুরীকে বিএনপি সরকারই জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছিল। তার পরিবারের অন্য সদস্যরাও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তার বড় ভাই ফারুক আহমেদ চৌধুরী বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন এবং অপর ভাই এনাম আহমেদ চৌধুরী সরকারের সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। তবে এনাম আহমেদ চৌধুরী ২০১৮ সালে আওয়ামী লীগে যোগ দেন। রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে প্রভাবশালী এই পরিবারের সদস্য ইফতেখার চৌধুরীকে জামায়াতের পরামর্শক নিয়োগ দেওয়ায় নতুন করে নানা সমীকরণ ও প্রশ্নের জন্ম দিয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন